৩ বছরেই ফল দেবে নারকেল, দেশে এলো নতুন জাত
দেশে নারকেল চাষে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। যেখানে আগে একটি নারকেল গাছে ফল পেতে অপেক্ষা করতে হতো ৭–৮ বছর, এখন নতুন জাতের নারকেল গাছে মাত্র ৩ বছরের মধ্যেই ফুল ও ফল আসছে। এতে বাণিজ্যিক নারকেল চাষের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠছে।
কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, ভিয়েতনামের উদ্ভাবিত ‘ডুয়া এক্সিম লু’ জাতের নারকেল এখন দেশে পরীক্ষামূলকভাবে সফল হয়েছে। এই জাতের দুটি ধরন রয়েছে—সিয়াম গ্রিন কোকোনাট এবং সিয়াম ব্লু কোকোনাট। দ্রুত ফলনশীল হওয়ায় বিশ্বজুড়ে এই জাত ইতোমধ্যেই বেশ আলোচিত।
বিশেষজ্ঞরা বলছেন, এই গাছ একটানা ৭০ থেকে ৮০ বছর পর্যন্ত ফল দিতে সক্ষম। স্বাদ, গন্ধ, পুষ্টিগুণ ও আকারের দিক থেকেও এটি বেশ উন্নত। বিশেষ করে ডাবের পানি অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা বেশি।
এছাড়া ভারতের ‘গঙ্গাবন্ধন’ জাতের নারকেল গাছেও দ্রুত ফল আসে বলে জানা গেছে। মূলত থাইল্যান্ডের ‘সিয়াম’ অঞ্চল থেকে এই জাতের উৎপত্তি, যা বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রিয়।
কৃষি সম্প্রসারণ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দেশে প্রায় চার লাখ খাটো জাতের নারকেলের চারা আমদানি ও বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত চাষিদের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে, পাশাপাশি অনেকেই নিজ উদ্যোগে চারা সংগ্রহ করছেন। প্রাথমিকভাবে ভারতের কেরালা থেকেও হাইব্রিড চারা আনা হয়েছে।
উদ্যানতত্ত্ববিদদের মতে, সিয়াম গ্রিন কোকোনাট মূলত ডাব হিসেবে বেশি জনপ্রিয়। প্রতিটি ডাবের ওজন সাধারণত ১.২ থেকে ১.৫ কেজি এবং এতে ২৫০–৩০০ মিলিলিটার পানি থাকে। একটি গাছ থেকে বছরে প্রায় ১৫০–২০০টি ফল পাওয়া সম্ভব।
অন্যদিকে, সিয়াম ব্লু কোকোনাট জাতটিও দ্রুত ফলনশীল। আড়াই থেকে তিন বছরের মধ্যেই ফল আসে। এই জাতের ডাবের পানিও অত্যন্ত মিষ্টি এবং দীর্ঘ সময় সংরক্ষণযোগ্য হওয়ায় রপ্তানির জন্য উপযোগী।
চাষাবাদের ক্ষেত্রে প্রায় সব ধরনের মাটিতেই নারকেল গাছ ভালো জন্মে। তবে শক্ত বা কাঁকরযুক্ত মাটিতে চাষের আগে দেড় মিটার গভীর গর্ত করে জৈব সার মিশিয়ে মাটি প্রস্তুত করতে হয়। নিয়মিত সেচ এবং প্রতি তিন মাস অন্তর সার প্রয়োগ করলে গাছ দ্রুত বৃদ্ধি পায়।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই দ্রুত ফলনশীল নারকেল জাত দেশের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। সঠিক পরিচর্যা ও পরিকল্পনার মাধ্যমে এটি কৃষকদের জন্য লাভজনক ফসল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!