Dark Mode
Image
  • Wednesday, 02 September 2026
জেন-জিদের নতুন ‘স্ট্রেস রিলিফ’ প্যানিক পাউচ

জেন-জিদের নতুন ‘স্ট্রেস রিলিফ’ প্যানিক পাউচ

বর্তমান সময়ে মানসিক চাপ ও উদ্বেগ যেন তরুণ প্রজন্মের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। বিশেষ করে জেন-জি বা নতুন প্রজন্মের অনেকেই পড়াশোনা, ক্যারিয়ার, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ব্যক্তিগত জীবনের নানা চাপ সামলাতে গিয়ে উদ্বেগ ও অস্থিরতার মুখোমুখি হচ্ছেন।

এই পরিস্থিতিতে সহজ কিন্তু কার্যকর একটি সমাধান হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে ‘প্যানিক পাউচ’। বিশেষজ্ঞদের মতে, এটি এমন একটি ছোট ব্যাগ বা পাউচ, যেখানে কিছু নির্দিষ্ট জিনিস রাখা হয় যা হঠাৎ উদ্বেগ বা মানসিক চাপ তৈরি হলে দ্রুত মন শান্ত করতে সাহায্য করে।

কী এই ‘প্যানিক পাউচ’?

মনোবিজ্ঞানীদের ভাষায়, প্যানিক পাউচ অনেকটা ‘মানসিক প্রাথমিক চিকিৎসা বাক্স’-এর মতো কাজ করে। উদ্বেগের সময় মানুষের মন সাধারণত একই চিন্তায় আটকে যায়। তখন গন্ধ, স্পর্শ, স্বাদ বা দৃশ্যের মতো ইন্দ্রিয়ভিত্তিক উপাদান মস্তিষ্ককে অন্যদিকে মনোযোগ দিতে সাহায্য করে।

এর ফলে ধীরে ধীরে মানসিক চাপ কমতে শুরু করে এবং ব্যক্তি নিজেকে কিছুটা স্থির অনুভব করেন।

পাউচে কী কী রাখা হয়?

প্যানিক পাউচে সাধারণত এমন কিছু জিনিস রাখা হয়, যা ব্যবহারকারীর মন ভালো রাখতে বা শান্ত অনুভব করতে সহায়তা করে। এর মধ্যে থাকতে পারে—

  • পুদিনা বা টক স্বাদের ক্যান্ডি
  • সুগন্ধি তেল বা লোশন
  • প্রিয় মানুষের ছবি
  • স্ট্রেস বল বা নরম খেলনা
  • ইয়ারপ্লাগ
  • ছোট হাতপাখা
  • শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের নির্দেশনা লেখা কার্ড

এছাড়া কারও যদি উদ্বেগের সময় মাথাব্যথা বা শারীরিক অস্বস্তি হয়, তাহলে প্রয়োজনীয় প্রাথমিক ওষুধও এতে রাখা যেতে পারে।

কেন জনপ্রিয় হচ্ছে?

বিশেষজ্ঞদের মতে, প্যানিক পাউচের সবচেয়ে বড় সুবিধা হলো এটি ব্যক্তিগতভাবে সাজানো যায় এবং সহজে বহন করা সম্ভব। প্রত্যেক মানুষের উদ্বেগের ধরন আলাদা হওয়ায় নিজের প্রয়োজন অনুযায়ী পাউচ তৈরি করলে তা বেশি কার্যকর হয়।

কোন পরিস্থিতিতে বেশি উদ্বেগ তৈরি হয় এবং তখন শরীর কীভাবে প্রতিক্রিয়া জানায়—এসব বুঝে পাউচে উপকরণ রাখলে মানসিক চাপ সামলানো অনেক সহজ হতে পারে।

মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে তরুণদের মধ্যে এই ছোট্ট পাউচ এখন হয়ে উঠছে মানসিক স্বস্তির নতুন সঙ্গী।

Comment / Reply From